রেজাউল করিম, স্টাফ রিপোর্টার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে অর্ধেকেরও বেশি আসন ফাঁকা রয়ে গেছে।
জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মোট আসন২ হাজার ৭৬৫টি। প্রথম মেধাতালিকা থেকে ১ হাজার ২৮৮ জন ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয়টিতে এখনও আসন ফাঁকা রয়েছে ১ হাজার ৪৭৭টি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার বিকাল পর্যন্ত ১২৮৮ জন শিক্ষার্থী কাগজপত্র এবং ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করেছেন। ভর্তি ফি জমা দিয়েও ১২ জন শিক্ষার্থী সার্টিফিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেননি। কাগজপত্র জমা না দিলে তাদের ভর্তি বাতিল হয়ে যাবে।
গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়ে শেষ হয় ২৭ অক্টোবর। এছাড়া আবেদন ফি পরিশোধ করার সময় ছিল ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করার সুযোগ পেয়েছেন।
