রিফাত হোসেন(মেশকাত) আক্কেলপুর উপজেলা প্রতিনিধি জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজার (৩২) বিরুদ্ধে থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেছেন ব্র্যাক সিডের প্রতিনিধি।
সোমবার (৭ নভেম্বর) রাতে জয়পুরহাট সদর থানায় মামলাটি করেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আঞ্চলিক ব্যবস্থাপক সেলিম উর রহমান।
মামলা সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে ব্র্যাক সিডের জয়পুরহাট প্রতিনিধি জহুরুল ইসলামের নিকট জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা মুঠোফোনে তার কাছ থেকে ১০ বস্তা আলু বীজ ও ১ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তাকে দেখা করতে বলেন। এরপর তিনি সন্ধ্যায় দেখা করলে তার নিকট থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে জহুরুলের নিকট আলু বীজ বিক্রির ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং অবশিষ্ট টাকা দ্রুত দিতে বলে চলে যান।
গত ৭ নভেম্বর সোমবার বিকেলে জয়পুরহাট পৌর শহরের নতুনহাট সড়কে রাকিব ট্রের্ডাস নামক দোকানে ব্র্যাক সিডের প্রতিনিধি জহুরুল ইসলামকে দেখতে পেয়ে সেখানে রেজা পুনরায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তাকে দোকান থেকে টেনে বের করে মারধর ও কিলঘুষি মেরে গুরুতর জখম করেন। উপস্থিত লোকজন জহুরুলকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে রাতে জয়পুরহাট সদর থানায় ব্র্যাক সিডের পক্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজার নাম উল্লেখসহ ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন আঞ্চলিক ব্যবস্থাপক সেলিম উর রহমান।
জয়পুরহাট জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রেজা তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, তিনি কৃষকের পক্ষে তার সঙ্গে কথা বলেছিলেন। রাজনৈতিকভাবে হেয় করার লক্ষে তার বিরুদ্ধ মিথ্যা অভিযোগ করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
