মোঃ আলামিন বেপারী
জাটকা ইলিশ মাছ বিক্রির সময় বরিশালের আগৈলঝাড়ার গৈলা বাজার থেকে প্রায় ২শত কেজি ঝাটকা ইলিশ মাছ জব্দসহ ১ মাছ ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে গৈলা বাজারে জাটকা ইলিশ মাছ বিক্রির সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (আগৈলঝাড়ার অতিরিক্ত দায়িত্বে)বিপিন চন্দ্র বিশ্বাসের আদালত। এসময় মাছ বিক্রেতা গোলাম রাব্বি হাওলাদারকে প্রায় ২শত কেজি জাটকা ইলিশ মাছ সহ গ্রেফতার করা হয়। এসময় গোলাম রাব্বি হাওলাদারকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। আটককৃত জাটকা ইলিশ মাছ বিভিন্ন এতিমখানার এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, আগৈলঝাড়ার উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ আলম, থানার এসআই মিজানুর রহমান মিশুসহ প্রমুখ।
