রেজাউল করিম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ন্যাশনাল সেমিনার অন বায়োটেকনোলজি ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস-২০২২” শীর্ষক সেমিনার ।
আজ (রোববার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল ৯ টা থেকে শুরু হয় এই সেমিনার। এই সেমিনারের লক্ষ্য ছিল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জীবপ্রযুক্তির ব্যবহার ও সম্ভাবনাকে তুলে ধরা, তরুণ শিক্ষার্থীদের এক্ষেত্রে উদ্বুদ্ধ করা। দেশের ২০ টি বিশ্ববিদ্যালয় ও দুটি গবেষণা সংস্থার ৩০০ জন গবেষক,শিক্ষক-শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহণ করেন।
সেমিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের ও বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং লাইফ সাইন্স এন্ড আর্থ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার উপস্থিত ছিলেন।
সেমিনারের প্রধান আকর্ষণ ছিল ‘কি-নোট সেশন’। ইউজিসি প্রফেসর ড. হাসিনা খান শিক্ষার্থীদের সাথে পাটের জিনোম সিকুয়েন্সিং এবং টেকসই উন্নয়নে পাট কীভাবে ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা করেন। ড. হাসিনা বলেন, ‘জিনোমিক্স ভিত্তিক গবেষণার মাধ্যমে প্রতিকূল পরিবেশ এবং রোগ প্রতিরোধী উন্নত পাটের জাত দেশের টেকসই উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে। পাট শুধু অর্থনৈতিক মুক্তি লাভের সাধনার সাথে সম্পর্কযুক্ত একটি ফসল নয় বরং এই সোনালী ফসল আমাদের জাতীয়তাকে প্রতিনিধিত্ব করে’।
সেমিনার আয়োজন কমিটির সেক্রেটারি মোঃ মেহেদী হাসান সোহাগের পরিচালনায় অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন জিইবি বিভাগের চেয়ারম্যান ড. দিলারা ইসলাম শরীফ ।
