রিফাত হোসেন(মেশকাত)আক্কেলপুর উপজেলা প্রতিনিধি জয়পুরহাট।
জয়পুরহাটের আক্কেলপুর থেকে কায়েম ও হারুন নামের দুই ভুয়া দন্ত চিকিৎসককে গ্রেফতার করেছে র্যাব। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভুয়া দুই চিকিৎসকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান, গ্রেফতারকৃত দুই ভুয়া ডাক্তার হচ্ছেন কায়েম উদ্দিন মন্ডল (৫৬) ও হারুনুর রশিদ (৪১)।
উপজেলার কলেজ গেট বাজারে চেম্বার খুলে দন্ত চিকিৎসক হিসেবে কায়েম উদ্দিন মন্ডল ৩২ বছর ও হারুনুর রশিদ ১১ বছর ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এমবিবিএস বা বিডিএস কোনো পর্যায়ের বৈধ সনদ না থাকলেও দাঁতের চিকিৎসা সেবা প্রদানসহ ব্যবস্থাপত্র হিসেবে ওষুধপত্র (প্রেসক্রিপশান) লিখে দিতেন। ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে র্যাবের গোয়েন্দা বিভাগের সদস্যরা। অনুসন্ধানে সত্যতা পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় দুজনেই চিকিৎসাসেবা প্রদানের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
কায়েম উদ্দিন ও হারুনুর রশিদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান মেজর মোস্তফা জামান।
