মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় নির্মিত দেশের প্রথম ছয় লেনের কালনা সেতুর টোল নির্ধারণ করা হয়েছে। এ সেতুতে বাইসাইকেল ও ভ্যানের টোল দিতে হবে পাঁচ টাকা। এছাড়া বড় বাসের টোল নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বড় ট্রেইলার ৫৬৫ টাকা, তিন বা ততোধিক এক্সসেলবিশিষ্ট ট্রাক ৪৫০, দুই এক্সসেলবিশিষ্ট মিডিয়াম ট্রাক ২২৫, ছোট ট্রাক ১৭০, কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার টিলার ও ট্রাক্টর ১৩৫, বড় বাস ২০৫, মিনিবাস বা কোস্টার ১১৫, মাইক্রোবাস,
পিকআপ, কনভারশন করা জিপ ও রে-কার ৯০, প্রাইভেটকার ৫৫, অটোটেম্পো, সিএনজিচালিত অটোরিকশা, অটোভ্যান ও ব্যাটারিচালিত
তিন চাকার যান ২৫, মোটরসাইকেল ১০ টাকা এবং পায়েচালিত রিকশা, ভ্যান ও বাইসাইকেলের টোল পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে।
টোল নির্ধারণের বিষয়টি নিশ্চিত করে সেতুর প্রকল্প ব্যবস্থাপক আশরাফুজ্জামান বলেন, গত ৩০ আগস্টের মধ্যে সেতুর মূল কাজ শেষ হয়েছে। এখন কেবল সেতুতে লাইটিংয়ের কাজ চলছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারিখ ঘোষণা হলেই চূড়ান্ত হবে উদ্বোধনের দিনক্ষণ।
সেই অপেক্ষায় আছেন সেতু কর্তৃপক্ষসহ গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, যশোর, বেনাপোল, সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার কোটি কোটি মানুষ।
