মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
ছবি- সংগৃহীত:
ভারত সীমান্ত থেকে পাঁচ কোটি ২ লাখ ৮৩ হাজার ভারতীয় রুপির ৮১ টি স্বর্ণের বিস্কুটসহ এক ভারতীয় পাচারকারীকে আটক করেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
আজ সোমবার সকালে ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বাগদার রনঘাট সীমান্ত থেকে স্বর্ণের বিস্কুটগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে গত চার দিনে তৃতীয় বার সোনা পাচার রুখে দিল বিএসএফ। ওপারের বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায় এ তথ্য।
ভারতের ৬৮ ব্যাটালিয়নের বর্ডার সিকিউরিটি ফোর্সের কমান্ডিং অফিসার যোগেন্দ্র অগ্রবাল বলেন, আজ সোমবার সকালে রানঘাট সীমান্তে পাহাড়ার দায়িত্ব পালন করছিল বিএসএফের ৬৮ ব্যাটালিয়নের জওয়ানরা। সে সময় এক পাচারকারী বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। তখনই তাকে আটক করে বিএসএফ। তার কাছ থেকে ৮১ টি স্বর্ণের বিস্কুট উদ্ধার হয়। স্বর্ণের বিস্কুটগুলোর ওজন ৯ কেজি ৭৯২ গ্রাম এবং বাজার দর ৫ কোটি ২ লাখ ৮৩ হাজার ৫১১ রুপি।
সোনা পাচার করতে গিয়ে ধরা পড়া ওই ব্যক্তির নাম নাজিম মণ্ডল (৩১)। ওই ব্যক্তি উত্তর ২৪ পরগনা জেলার কুলিয়া গ্রামের বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানান, আজ আন্তর্জাতিক সীমান্তের কাছে চাষের কাজে গিয়েছিলেন তিনি। সেখানে এক বাংলাদেশি তাকে স্বর্ণের বিস্কুট দিয়েছিল। যা নিয়ে তিনি তার গ্রামের দিকে আসছিলেন। তখনই বিএসএফ জওয়ানরা তাকে ধরে ফেলেন। স্বর্ণের বিস্কুট এবং আটক পাচারকারীকে বাগদা কাস্টমস বিভাগের হাতে তুলে দেওয়াা হয়েছে।
বিএসএফ সূত্রে জানা গেছে, এ নিয়ে গত চার দিনে তিন বার স্বর্ণ পাচার রুখে দিল বিএসএফ। এর আগে ৭ ও ৯ সেপ্টেম্বর সোনা পাচার রুখেছিল বিএসএফ। প্রায় ৪০টি ম্বর্ণের বিস্কুট আটক করা হয়েছিল। যার মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ রুপি।
ভারতের ৬৮ ব্যাটালিয়নের বর্ডার সিকিউরিটি ফোর্সের কমান্ডিং অফিসার যোগেন্দ্র অগ্রবাল বলেন, ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে নতুন উপায়ে সোনা পাচারের চেষ্টা করছে চোরাকারবারীরা। কিন্তু আমাদের জওয়ানদের সতর্কতার কারণে তাদের পরিকল্পনা সফল হচ্ছে না।
সীমান্ত অপরাধ রুখতে বিএসএফ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন যোগেন্দ্র অগ্রবাল।
