রেজাউল করিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন ও কাজে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ হস্তক্ষেপ করায় তাকে দ্রুত গ্রেফতারসহ ১০ দফা দাবিতে মানববন্ধন ও দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে এসব কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা বলেন, নতুন ক্যাম্পাসের কার্যক্রম খুবই কম। সাংবাদিকরা সেখানে গেলে সাংবাদিকদের হেনস্তা করা হচ্ছে, মোবাইল কেড়ে নেওয়া হচ্ছে। সেই ক্যাম্পাস হয়েছে অপরাধী চক্রের অভয়ারণ্য। লজ্জার বিষয় আজ দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বন্ধ রয়েছে। এত বড় কাজের মাত্র একজন কেন টেন্ডার জমা দেবে? প্রতিটা টেন্ডারের সুষ্ঠু তদন্ত করতে হবে।
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেক একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক ঘুরে এসে মেইন গেইটে শেষ হয়।
শিক্ষার্থীদের ১০ দফা দাবি হলো:
১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের কাজ প্রধানমন্ত্রীর অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত করা।
২. প্রয়োজনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরবর্তীসময়ে নির্মাণ কাজ শেষ করা।
৩. ক্যাম্পাসের কাজে হস্তক্ষেপের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান শাহিনকে গ্রেফতার করতে হবে।
৪. দ্বিতীয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অবিলম্বে পুলিশের থানা বাস্তবায়ন।
৫. শিক্ষার্থীদের আবাসিক হলগুলো আগে সম্পন্ন করতে হবে।
৬. লেক নির্মাণের টেন্ডারে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তার সুষ্ঠু তদন্ত করতে হবে।
৭. জরিপের মাধ্যমে পূর্ণাঙ্গ ২০০ একর জমি নিশ্চিত করা।
৮. প্রকল্পে ছাত্র প্রতিনিধি যুক্ত করা বা শিক্ষার্থীদের কাছে প্রকল্পের সব তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
৯. দ্রুত পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে।
১০. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুষ্ঠান নতুন ক্যাম্পাস তথা ২য় ক্যাম্পাসে করার ব্যবস্থা করতে হবে।
