মনা, যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরে ট্রাকভর্তি ৫০০ কেজি জেলিপুশ করা চিংড়ি জব্দ করেছেন র্যাব সদস্যরা। একই সঙ্গে তিন ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি এলাকায় অভিযান চালিয়ে ওই চিংড়ি জব্দ করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকভর্তি চিংড়ি মাছ জব্দ করা হয়।
৩৩টি ককসিট ভর্তি চিংড়ি মাছে অস্বাস্থ্যকর ইনজেকশনের মাধ্যমে পুশ করা জেলি পাওয়ায় তিন চিংড়ি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদার।
এর মধ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার মনি ফিসের মালিক পলাশকে (৪০) দশ হাজার টাকা, শ্যামনগরের বংশীপুর এলাকার বন্ধু ফিসের মালিক রোকনকে (৩০) ৬০ হাজার টাকা এবং দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার সালাম ফিসের মালিক হাসানকে (৩৫) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে জব্দ করা ৩৩টি ককসিট ভর্তি জেলিপুশ করা ৫০০ কেজি চিংড়ি ধ্বংস করা হয়। যার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
