রেজাউল করিম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন একাডেমিক ভবনে চুরির ঘটনায় রাজধানীর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সাইদুর রহমান রনি বাদী হয়ে শনিবার (২০ আগস্ট) মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসসুরেন্স সেল (ইয়াক) অফিসের হিসাবরক্ষণ কর্মকর্তা মানিক মিয়া গত ১৮ আগস্ট রাত ৭টা ৩৫ মিনিটে কাজ শেষে কার্যালয় তালাবদ্ধ করে বাসায় যান। পরদিন শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় অফিসে কোন কর্মকর্তা-কর্মচারী আসেননি। পরে ২০ আগস্ট সকাল সাড়ে ৭টায় নিরাপত্তাকর্মী বোরহান উদ্দিন নিরাপত্তা পালনকালে বাদীকে ফোন করে জানান, ইয়াক অফিসের দরজার থাই গ্লাস ভাঙ্গা অবস্থায় আছে।
পরে ঘটনাস্থলে বাদীসহ সহকারী প্রক্টররা গিয়ে দেখেন অফিসের দরজার থাই গ্লাস ভাঙ্গা এবং অফিসের সামনের ২টি সিসি ক্যামেরার দিক পরিবর্তন করা রয়েছে। এছাড়া অফিসের কিছু কাগজপত্রসহ মালামাল এলোমেলোভাবে পড়ে আছে।
