মনা যশোর জেলার প্রতিনিধিঃ
যশোর পৌরসভায় ছাত্রাবাসের জানালা ভেঙে সুদিপ্ত বিশ্বাস (২৬) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে পৌর শহরের বেজপাড়া টিবি ক্লিনিকের পাশে অবস্থিত ছাত্রাবাস থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
সুদিপ্ত বিশ্বাস মাগুরা সদর উপজেলার কুচিমারা গ্রামের সুজন বিশ্বাসের ছেলে। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, দুতলা ভবনের পুরোটাতেই ছাত্ররা থাকে। সকালে নিচের তলায় সুদিপ্ত নামের একটি ছেলেকে রুমে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে বাড়ির মালিক ও পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জাগো বলেন, পুলিশ সদস্যরা জানালা ভেঙে কক্ষের ভেতর ঢুকে মৃত অবস্থায় সুদিপ্তকে পান। কক্ষের ভেতর সবকিছু এলোমেলো অবস্থায় ছিল। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। চিকিৎসক নিশ্চিত করেছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
