মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার:
নওগাঁ জেলার নিয়ামতপুরে স্ত্রীকে মারধর করে ৬ মাসের মেয়ে শিশুকে কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বামী শামীম হোসেন (২৫) এর বিরুদ্ধে। স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে স্বামী শামীম হোসেন, শশুর, শাশুড়ীসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। শামীম হোসেন চন্দননগর ইউনিয়নের সিংড়া উজিরপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, চন্দননগর ইউনিয়নের সিংড়া উজিরপুর গ্রামের শামীম হোসেনের সাথে ২ বছর আগে বিয়ে হয় একই ইউনিয়নের বিলাশৈল গ্রামের মৃত আবু হানিফের মেয়ে কুলসুমের সাথে। বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতন শিকার হয়েছেন কুলসুম। গত ১১ আগস্ট রাতে মারধরের শিকার হয়ে ১২ আগস্ট কুলসুম বাবার বাড়িতে রওনা দিলে ছাতড়া বাজারে লোকজনের সামনে থেকে কুলসুমের ৬ মাসের মেয়ে শিশুকে কেড়ে নেন স্বামী শামীম। ১২ আগস্ট কুলসুমের পরিবারের সদস্যরা বিকেলে শামীমের বাড়িতে মীমাংসার জন্য গেলে তাদেরও মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়।
কুলসুম বেগম বলেন, বিয়ের পর থেকেই শারীরিক নির্যাতন করেন আমার স্বামী। গত ১২ আগস্ট শনিবার বাবার বাড়ি যাওয়ার সময় ছাতড়া বাজারে লোকজনের সামনে মারপিট করে আমার মেয়েকে কেড়ে নেয় এবং বিকেলে আমার পরিবারের সদস্যরা সমঝোতার জন্য গেলে তাদেরও মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। আমি বাবার বাড়ি থাকলেও আমার মেয়েকে এখনো তারা দেয়নি।
কুলসুমের স্বামী শামীম বলেন, আমার স্ত্রীর মাথায় সমস্যা রয়েছে। মারপিটের কোন ঘটনা ঘটেনি।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
