রেজাউল করিম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
গুচ্ছ ভর্তি পরীক্ষায় বি ইউনিটে মানবিক বিভাগের পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রক্সি দিতে এসে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী।
শনিবার ওই শিক্ষার্থীকে আটক করেন সহকারী প্রক্টর গৌতম কুমার সাহা ও আসাদুজ্জামান রিপন।
খোঁজ নিয়ে জানা যায়, গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগে সেজান মাহফুজের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা ওই শিক্ষার্থীর নাম আবির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হলের আবাসিক ছাত্র। সমাজবিজ্ঞান বিভাগ থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।
ভর্তি পরীক্ষায় সেজান মাহফুজের রোল ৩০৯৯৭৬। মাহফুজা বেগম ও আব্দুল বারীর সন্তান সেজান মাহফুজ। তিনি সেন্ট জোসেফ স্কুল এ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করেছেন।
প্রক্সি দিতে আসা ঢাবির ওই শিক্ষার্থীকে আটক করার সময় তার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ, ঘড়ি ও এটিএম কার্ড জব্দ করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আইডি কার্ডের সাথে মিল না পাওয়ায় তাকে আটক করা হয়। উনাকে আমরা পুলিশের কাছে সোপার্দ করেছি।
