মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি।।
তালার খলিলনগর ইউনিয়নের ৬০ নং মহান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একই ইউনিয়নের হরিশচন্দ্রকাটি গ্রামের নিতাই দেবনাথে বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৭ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। চোরচক্র বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষের তালা ভেঙ্গে ১২টি ফ্যান, ১টি ইউপিএস, ১টি মাইক্রোফোনসহ বড় সাউন্ড সিস্টেম, ৩টি তালাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়।
ঐ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন জানান, প্রতিদিনের মত শনিবার স্কুল ছুটি শেষে তালা বন্ধ করে আমরা বাড়ি চলে আসি। কিন্তু রবিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি স্কুলে চুরি হয়েছে। স্কুলে গিয়ে দেখি তিনটি শ্রেণিকক্ষের তালা ভেঙ্গে ১২টি ফ্যান, ১টি ইউপিএস, ১টি মাইক্রোফোনসহ বড় সাউন্ড সিস্টেমসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় চোরচক্র। এ বিষয়ে উর্দ্ধতন স্যারদের জানানো হয়েছে। একই সাথে তালা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে ইরিশ্চন্দ্রকাটি গ্রামের নিতাই দেবনাথ জানান, শনিবার রাতে ঘুমাতে যাওয়ার আগে গরু তিনটি গোয়াল ঘরে দেখে ঘুমাতে যায়। সকালে গরু গুলো দেখতে গেলে দেখি কে বা কারা গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে গেছে। তিনি জানান তিনটি গাভী গরু দাম ৫ লক্ষ টাকা গরু গুলো হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান জানান, সকালে চুরির ঘটনা শোন মাত্রই আমি সেখানে একজন এসআই পাঠিয়েছি। তদন্ত চলছে। চোর চক্র ধরার জন্য চেষ্টা চলছে।
