ঢাকাSaturday , 6 August 2022
  • অন্যান্য

জবি শিক্ষার্থীকে দফায় দফায় মারধর,অবশেষে মামলা।

Link Copied!

 

রেজাউল করিম,জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মুনের উপর দফায় দফায় হামলা ও মারধরের ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করেছেন ভুক্তভোগী সেই শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নওশের বিন আলম ডেভিড, একই শিক্ষাবর্ষের গণিত বিভাগের জাহিদুল ইসলাম হাসান ও পরিসংখ্যান বিভাগের অর্পন সাহা শান্ত সহ আরো ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক নাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী মেহেদী হাসান মুন। নথিপত্র আদালতে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী শিক্ষার্থী মেহেদী হাসান মুন গত ৩ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে ক্লাস শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আসলে এক নাম্বার আসামী নওশের বিন আলম ডেভিড জরুরী প্রয়োজনের কথা বলে বিশ্ববিদ্যালয়ের ২ নং গেইটের সামনে তাকে নিয়ে যায়। পরে সেখানে ডেভিড, জাহিদুল ইসলাম হাসানসহ আরো ৪-৫ জন মিলে ডেভিডের প্রেমিকার সঙ্গে মেসেঞ্জারে কথা বলাকে কেন্দ্র করে অতর্কিতভাবে মুনের উপর হামলা করে।
পরে ওইদিন দুপুর ১টায় মুন তার বন্ধুদের নিয়ে কোতয়ালী থানার উদ্দেশ্যে রওয়ানা হলে আসামী ডেভিড, জাহিদুল ইসলাম ও অর্পন সাহা শান্ত সহ ১৫-২০ জন লাঠিসোঁটা নিয়ে পুনরায় মুনসহ তার বন্ধুদের উপর হামলা করে ও মারধর করে।
এছাড়া ওই দিনই রাত সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আবারো মেহেদী হাসান মুনের উপর অর্পন সাহা শান্তসহ অজ্ঞাতনামা ১০-১২ জন মিলে ধারালো চাকু ও হাতুড়ি দিয়ে মাথার পিছনে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে মুনকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমরা দুই পক্ষ থেকেই অভিযোগ পেয়েছি। তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।