রেজাউল করিম,জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বেলা ১২টা থেকে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সকাল থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখর ছিল। এদিন অন্য কেন্দ্রের বেশ কয়েকজন পরীক্ষার্থী ভুলবশত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে আসলে মানবিক দিক বিবেচনায় তাদের পরীক্ষাও বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে।
এদিকে সার্বিক শৃঙখলা রক্ষায় তৎপর ছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশেপাশে মোতায়েন ছিল পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য। একই সাথে বিএনসিসি ও রোভার স্কাউট সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও পরীক্ষার্থীদের সহায়তায় সচেষ্ট ছিল।
এদিকে ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চলে আসা ৮০ জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে ক্যাম্পাসেই।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মহিউদ্দিন বলেন, বেশ কিছু পরীক্ষার্থী ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে। মানবিক দিক বিবেচনায় তাদের তাদের পরীক্ষা ক্যাম্পাসেই নেওয়া হচ্ছে। সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে।
