মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তামিম মাহমুদ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলার বুইকারা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলমগীর হোসেনের ছেলে নিহত তামিম মাহমুদ পায়রাহাট ইউনাইটে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নিহতের ভাই মাহাদী হাসান জানান, বৃহস্পতিবার বিকালে তার ভাই তামিম নিজ কলেজ থেকে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। বাগদাহ-চলিশিয়া সড়কের সানা পাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে মোটসাইকেলের ধাক্কা লাগে। এতে তামিম গুরুত্বর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে এলাকাবাসী আহত তামিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তামিম নামে এক যুবকের মৃত্যুর খবর জানতে পেরেছি। এ ব্যাপারের যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
