মোঃ নাজমুল হক
স্টাফ রিপোর্টার:
নওগাঁ নিয়ামতপুরে আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে এক কনফেকশনারি দোকান। এতে দোকানী মকবুল হোসেনের প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। মকবুল হোসেন উপজেলা সদরের বালাহৈর গ্রামের মৃত মন্জুর হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে আগুন লাগে দোকানে।
আইডিয়াল স্কুলের শিক্ষক হুমায়ুন কবির বলেন, রাত বারোটার দিকে দোকানের পাশের ফ্ল্যাটে ঘুমাতে যাওয়ার সময় জানালা খুলতে গেলে দোকান ঘরে আগুন দেখে দোকানী মকবুল হোসেনকে খবর দিলে তিনিসহ আরও লোকজনের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। ততক্ষণে মকবুল হোসেনের বেঁচে থাকার স্বপ্ন পুড়ে ছাঁই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।
মকবুল হোসেন বলেন, রাত পৌনে বারোটার দিকে দোকান বন্ধ করে আমি বাসায় গেলে মোবাইলে একজন আমাকে জানায়, দোকানে আগুন লেগেছে। বাড়ি থেকে এসে সকলে মিলে আগুন নেভানো হলেও পুড়ে ছাঁই হয়ে গেছে সবকিছু। এর আগেও আমার দোকান পুড়ে গিয়েছিল।
নিয়ামতপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, আগুন লাগার খবরে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
