রহিমা খাতুন
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি:
মৎস্যজীবীরা দেশের অর্থনীতিতে অবদান রাখছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। ২৪ জুলাই রবিবার উপজেলা মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ভার্চ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, খাদ্যে যেমন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, তেমনি মৎস্যেও বাংলাদেশ আজ সারাবিশ্বে দ্বিতীয় অবস্থানে। এ পেশায় যারা নিয়োজিত রয়েছেন, তাদের অক্লান্ত পরিশ্রমের সফলতা এটি।
বক্তৃতায় তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিদ্যুৎতের ওপর প্রভাব পড়েছে। বিদ্যুৎ সাশ্রয়ী হতে সকলকে সচেষ্ট থাকতে হবে। প্রয়োজনে পাড়া মহল্লায় মিটিং করে বিদ্যুৎ সাশ্রয়ীর বিষয়ে অবগত করতে হবে। তবে সকলকে তিনি সচেষ্ট থাকাতে বলেন, কেউ যেন কোন বিভ্রান্তি ছড়িয়ে বিবাদের সৃষ্টি করতে না পারে। সকলে মিলে সচেষ্ট হলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে বলে জানান তিনি।
নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, সদর ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান নঈম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এবং মৎস্যচাষীগণ।
আলোচনা সভার আগে বর্ণাঢ্য এক শোভাযাত্রা এবং পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
