শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বিয়ে বাড়িতে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে মারামারির ঘটনায় বরের পিতা মো. রুহুল আমিন মারা গেছেন।
আজ মঙ্গলবার বিকালে ঘটনাটি ঘটে উপজেলার কুশমাইল কড়ইতলা গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার উত্তর আন্ধারিয়াপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে মারুফ হোসেনের বিয়ে ঠিক হয় একই উপজেলার ৩নং কুশমাইল ইউনিয়নের কড়ইতলা গ্রামের শহিদের মেয়ের সাথে।বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া শেষে বরের জুতা লুকিয়ে ফেলে। এ ঘটনায় বরের পিতা রুহুল আমিনের সাথে মেয়ে পক্ষের লোকজন বাকবিতন্ডায় জড়িয়ে পরলে এক পর্যায়ে রুহুল আমিন অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন,আজকে বিকেলে ঘটনাটি ঘটে উপজেলার কুশমাইল ইউনিয়নের কড়ই তলা গ্রামে। পরে আমরা খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
