ঢাকাSunday , 3 July 2022
  • অন্যান্য

জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন রওশন এরশাদ!

Link Copied!

 খান মাহাদী – তিনি বলেন, অনেক ভালো ভালো নেতাকর্মী দলের বাইরে আছে, তাদেরকে আনতে হবে। নতুন প্রজন্মকে দলে আনতে হবে। কাজী জাফর, শাহ্ মোয়াজ্জেম, আনোয়ার হোসেন মঞ্জুসহ অনেক সিনিয়র নেতা পার্টি ছেড়ে চলে গেছে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। দলকে আওয়ামী লীগ ও বিএনপির সমকক্ষ বানাতে হবে। নতুবা রাজনীতিতে টিকে থাকতে পারব না। শনিবার দুপুরে গুলশানের ওয়েস্টিন হোটেলে পার্টির বিভিন্নস্তরের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক এমপি নূরুল ইসলাম মিলন, জিয়াউল হক মৃধা, এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, জাপার সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন রাজু। রওশন এরশাদ আরো বলেন, পল্লীবন্ধু থাকলে পার্টি আজ অন্যরকম হতো। উনার অবর্তমানে জাতীয় পার্টি এলোমেলো হয়ে গেছে। যাদের দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে তাদেরকে ফিরিয়ে নিতে হবে। যারা চলে গেছে তাদেরকেও ফিরিয়ে আনতে হবে। নতুবা আমরা অনেক পিছিয়ে যাবো। রওশন এরশাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ ছয় মাস থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলাম। পার্টির কেউ খোঁজ নেয়নি আমার। অথচ যাদেরকে দল থেকে বের করে দেয়া হয়েছে তারাই আমার নিয়মিত খোঁজ রেখেছেন। মসজিদ, মাজারসহ বিভিন্ন উপাসনালয়ে দোয়া প্রার্থনা করেছে। বিরোধীদলীয় নেতা বলেন, পার্টি শক্তিশালী করার প্রয়োজনে যা যা করার দরকার তাই করবো। এরশাদ তিলে তিলে এই দলটা গড়েছেন। সকলকে নিয়েই কাজ করতে হবে। তিনি বলেন, বিমানবন্দরে আমি আসার দিন এতো মানুষ আমাকে যে অভ্যর্থনা জানিয়েছে তা দেখে আমার দু’চোখে জল এসে এসে গেছে। প্রয়াত এরশাদকে স্মরণ করে রওশন এরশাদ বলেন, তিনি ইসলামের খাদেম ছিলেন। মহান আল্লাহ উনাকে ভাল রাখবেন। সভায় জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য ও এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেন, আমাদের আজ খুব দুঃসময় চলছে। আপনি (রওশন) যখন অসুস্থ তখন আপনার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করলে আমাকে বাধা দেয়া হয়। প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। আপনি যখন সংকটাপন্ন অবস্থায় থাইল্যান্ড যান, তারপরের দিন তারা কক্সবাজারে দলবেধে আমোদ ফুর্তি করেছে। কাজী মামুনুর রওশন এরশাদের জীবদ্দশায় সাদ এরশাদকে পার্টির চেয়ারম্যান করার দাবি জানান। দেলোয়ার হোসেন খান বলেন, আপনার নামের পাশে এরশাদ আছে। বাংলার মানুষ আপনাকে নেতৃত্ব দেখতে চায়। জাতীয় পার্টি আজ সংকটাপন্ন অবস্থায় আছে। যে লোক কোনোদিন জেল খাটেনি, রাজপথে এরশাদ মুক্তি আন্দোলন করেনি তার কাছে এরশাদের জাতীয় পার্টি নিরাপদ নয়। সভায় উপস্থিত ছিলেন রওশন পুত্র রাহগীর আল মাহি (সাদ এরশাদ), রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ, জাপার প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান হবি, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, প্রফেসর দেলোয়ার হোসেন খান, কাজী মামুনুর রশীদ, জাফর ইকবাল সিদ্দিকী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, নরুল ইসলাম নুরু, ইকবাল হোসেন রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক, আশরাফ সিদ্দিকী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।