ঢাকাFriday , 1 July 2022
  • অন্যান্য

চাহিদার চেয়ে ৪ সহস্রাধিক পশু বেশি যশোরে

Link Copied!

মনা যশোর জেলার প্রতিনিধিঃ

আসন্ন কোরবানি ঈদে চাহিদার তুলনায় যশোরে পশুর সরবরাহ বেশি রয়েছে। চাহিদার তুলনায় জেলায় সাড়ে চার হাজার পশু উদ্বৃত্ত থাকবে। চাহিদার চেয়ে জোগান বেশি থাকায় দাম নিয়ে শঙ্কায় রয়েছেন খামারিরা। তারা বলছেন, পশুখাদ্যের দাম বেশি হওয়ায় গরু মোটাতাজাকরণে ব্যয় বেড়েছে অনেক। সে অনুযায়ী দাম না পেলে তাদের লোকসানের মুখে পড়তে হবে। জেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, আসন্ন কোরবানি উপলক্ষে যশোর জেলায় গবাদিপশুর চাহিদা রয়েছে ৯১ হাজার ১৮৮টি। এরমধ্যে গরু ২৭ হাজার ৯৫৫টি, ছাগল ৬২ হাজার ৬৭৬টি ও ভেড়া ৫৫৭টি। এর বিপরীতে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে ৯৫ হাজার ৭১০টি গবাদিপশু। এরমধ্যে গরু ২৯ হাজার ১৭০টি, ছাগল ৬৫ হাজার ৯৮৩টি এবং ভেড়া ৫৫৭টি। উদ্বৃত্ত পশুর সংখ্যা ৪ হাজার ৫২২টি। এরমধ্যে ১ হাজার ২১৫ গরু ও ছাগল ৩ হাজার ৩০৭টি। সূত্র আরও জানায়, যশোরের ৮ উপজেলায় মোট ২১টি পশুহাট রয়েছে। কোরবানি উপলক্ষে পশুহাটগুলোতে ২৪টি মেডিকেল টিম কাজ করবে। রোগাক্রান্ত ও অসুস্থ পশু যাতে হাটে বিক্রি না হয় তার দেখভাল করবে টিমগুলো। যশোর সদরের বাহাদুরপুর গ্রামের খামারি আমিরুল জানান, তিনি কোরবানির জন্য পাঁচটি গরু মোটাতাজাকরণ করেছেন। প্রতিদিন একটি গরুর পেছনে তার ব্যয় হচ্ছে ১৭০-২০০ টাকা করে। তিনি জানান, গতবার চাহিদা অনুযায়ী পশু বিক্রি করতে পারেননি। তবে করোনা না থাকায় এবার ভালো দাম পাবেন বলে আশা করছেন। অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামে পরশ অ্যাগ্রো লিমিটেড খামারে রয়েছে ২০২টি গরু। কোরবানির পশুহাটে গরুগুলো বিক্রি করার জন্য প্রস্তুত করা হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোশারেফ বলেন, আমরা বাণিজ্যিকভাবে গরু লালন-পালন করি। আমাদের খামারের সব গরু দেশি প্রজাতির। ক্রেতাদের পছন্দ হওয়ার পর আমরা দরদাম করে গরু বিক্রি করবো। খামারিরা বলছেন, গত দুবছর করোনার মধ্যে কোরবানি ঈদ গেছে। ফলে লকডাউনসহ অর্থনৈতিক কারণে কোরবানি কম হয়েছে। পশু বিক্রি কম হওয়ায় তাদের লোকসান গুনতে হয়েছে। এ বছর স্বাভাবিক পরিবেশে ঈদ হতে যাওয়ায় খামারিরা আশায় বুক বাধছেন। এ বিষয়ে যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক জানান, যশোর জেলায় এবার কোরবানির চাহিদা মিটিয়ে গরু-ছাগল উদ্বৃত্ত থাকবে। তিনি বলেন, এরই মধ্যে কোরবানির পশুহাট শুরু হয়েছে। হাটগুলোর জন্য ২৪টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সুস্থ ও সবল পশু বেচাকেনায় সহযোগিতার জন্য টিমগুলো হাটে কাজ শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।