ঢাকাFriday , 29 April 2022
  • অন্যান্য

ভাইকে গাছে বেঁধে ৬ বছরের শিশুকে ধর্ষণ

Link Copied!

মোঃনাজমুল হাসান
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর কুয়াকাটা পৌর শহরের পশ্চিম কুয়াকাটা গ্রামে ভাইকে (৯) গাছের সাথে বেঁধে ছয় বছরের বোনকে ধর্ষণ করেছে একই এলাকার ইব্রাহিম শরীফের ছেলে হাসান শরীফ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। এসময় রক্তাক্ত শিশুকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তার মা মহিপুর থানায় আসার পথে তাদের বাঁধা দেয় হাসানের পিতা ও দুই ভাই। এসময় তাদের মারধরও করা হয়।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় শিশুকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে রাত সাড়ে নয়টার দিকে তাকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।

কলাপাড়া হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, রোগীর অবস্থা শঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পটুয়াখালীতে স্থানান্তর করা হয়েছে।

শিশুটির মা জানান, বৃহস্পতিবার বিকালে ছোট বোনকে সাথে নিয়ে ৯ বছর বয়সী ভাই জিলাপি ফল পাড়তে যায়। এসময় ভাইকে দড়ি দিয়ে একটি আম গাছের সাথে বেঁধে তার বোনকে ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করে হাসান।

শিশুটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে হাসান পালিয়ে যায়। খবর পেয়ে শিশুটির মা স্থানীয়দের সহায়তায় তার দুই সন্তানকে উদ্ধার করে মহিপুর থানায় নিয়ে আসার পথে তার উপর হামলা চালায় হাসানের বাবা ইব্রাহীম শরীফ (৪৫), ভাই নাসির শরীফ (২৫) ও রনি শরীফ (২৩)।

এসময় তারা তাদের থানায় যেতে নিষেধ করে ও তাদের কথা না মানলে মারধর করে।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ খায়ের জানান, শিশু ধর্ষণের অভিযোগে শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে হাসান শরীফকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। তবে ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।