এস এস সালেকুর রহমান নওগাঁ জেলা প্রতিনিধি:
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁ শহরের সরিষা হাটির মোড়ে আয়োজিত সভায় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বিএনপি নেতাদের উদ্দেশ করে বলেন, আপনারা সাঁতার কেটে পদ্মা নদী পার হন। বিএনপি নেত্রী বলেছিলেন, আওয়ামী লীগের আমলে পদ্মা সেতু হবে না, আর সেটি নির্মিত হলেও সেই সেতুতে উঠতে নিষেধ করেছিলেন তিনি। কারণ, সেতুটি নাকি জোড়াতালি দিয়ে বানানো হবে, এখন সেতু তো হয়ে গেলো আপনাদের নেত্রীর কথা রাখতে চাইলে পদ্মা সেতুতে উঠা হবে না আপনাদের। অপর দিকে নৌকা তো আওয়ামীলীগের প্রতীক, সেখানেও উঠা নিষেধ। তাহলে আপনারা সাঁতার কেটে পদ্মা নদী পার হন, আর আমরা পদ্মা সেতুর উপর দিয়েই পারাপার হবো। এ সময় মন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে কোন দুর্নীতি হয়নি বরং নির্মিত না হওয়ার ব্যাপারে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সকল কথা হজম করে পদ্মা সেতু করতে সক্ষম হয়েছেন। পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি পরবর্তী সময়ে আদালতে প্রমাণ হয়েছে।আগামী শনিবার পদ্মা সেতু উদ্বোধনের দিন বাংলাদেশের মানুষ ও আওয়ামী লীগের কর্মীরা আনন্দে ভাসবেন। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল মালেক। বক্তব্য দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় প্রমুখ। ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে আসে।
