ঢাকাThursday , 23 June 2022
  • অন্যান্য

বকশীগঞ্জে ১০ হাজার পরিবার পানিবন্দী

Link Copied!

 জিহাদ আহমেদ জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যার সার্বিক পরিস্থিতির অবনতি হয়েছে। এখনো পর্যন্ত উপজেলায় ১০ হাজার পরিবার পানিবন্দী রয়েছে। সেই সঙ্গে নতুন নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। এতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে পরিবারগুলো। পানিবন্দী মানুষ কর্মহীন হয়ে পাড়ায় তাদের মধ্যে দুশ্চিন্তা বেড়েই চলছে। নিম্ন আয়ের পরিবারের রোজগার বন্ধ হয়ে যাওয়ায় কষ্টে দিনাতিপাত করছে তারা। সব মিলিয়ে চলতি বন্যায় অনেকটাই বিপাকে পড়েছে পানিবন্দী মানুষ। উত্তর দিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পুরাতন ব্রহ্মপুত্র নদ, দশানী ও জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন এলাকা প্লাবিত হয়েছে। এ পর্যন্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া, মেরুরচর, বগারচর ও নিলাখিয়া ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে এই এলাকার প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত মঙ্গলবার দিনভর বৃষ্টি হওয়ায় বন্যাকবলিত এলাকার মানুষ ছিল চরম দুর্ভোগে। এদিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাংগালপাড়া, কতুবেরচর, চর আইরমারী, মেরুরচর ইউনিয়নের কলকিহারা গ্রাম, টুপকার চর এবং নিলাখিয়া ইউনিয়নের সাজিমারা ও কুশলনগর গ্রামে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার নদীভাঙন এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ অন্যরা। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদীভাঙনের শিকার ও পানিবন্দী পরিবারগুলোকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। প্রয়োজন হলে বন্যাদুর্গত এলাকায় আরও ত্রাণ বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।