মোঃ মোশারফ হোসেন মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর থেকে নতুন কর্মস্থল মাদারীপুরে যোগদান করতে যাওয়ার পথে ট্রাকের চাপায় আশরাফ উদ্দিন (৫০) নামে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তা নিহত হয়েছেন। আজ ভোর সাড়ে ৫টার দিকে কেশবপুর পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আশরাফ উদ্দিন উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফ মোটরসাইকেলযোগে যশোরের দিকে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বালুবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে আশরাফ ঘটনাস্থলেই মারা যান।
পরিবার সূত্র জানায়, আশরাফ কেশবপুর বিআরডিবি শাখায় কর্মরত ছিলেন। সোমবার তার মাদারীপুরে বদলির আদেশ আসে। নতুন কর্মস্থল মাদারীপুরের উদ্দেশে ভোরে মোটরসাইকেলযোগে রওনা হলে এ দুর্ঘটনা ঘটে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এই বিষয় নিয়ে হাইওয়ে পুলিশ কাজ করছে।
