তিমির বনিক,ব্যুরো প্রধান সিলেট:
সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্যের দু’টি চালান ধরা পড়েছে। গ্রেফতার করা হয়েছে দুই মাদককারবারিকে। বুধবার সিলেট নগরীর উপকণ্ঠ মইয়ারচর ও কোম্পানীগঞ্জ সদরে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ মাদককারবারিদের গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া চালানে ৫৭ বোতল বিদেশি মদ ও ১৩ বোতল ফেনসিডিল রয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন মইয়ারচর এলাকার মৃত সোনা উল্লাহর ছেলে মকলিছ মিয়া (৪৮) ও সুনামগঞ্জ জেলার ছাতকের দারগাখালী এলাকার মৃত জফর আলীর ছেলে মো. ছমির উদ্দিন (৪০)। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে র্যাব-৯’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯’র ইসলামপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জালালাবাদ থানাধীন মইয়ারচর গ্রামে অভিযান চালিয়ে ১৩ বোতল ফেনসিডিলসহ মাদককারবারি মকলিছ মিয়াকে গ্রেফতার করে। একইদিন রাত ৯টার দিকে র্যাব-৯’র ইসলামপুর ক্যাম্পের আরেকটি দল কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৭ বোতল বিদেশী মদসহ মাদককারবারি মো. ছমির উদ্দিনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অভিযান শেষে আলামতসহ গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
