ঢাকাSaturday , 29 July 2023
  • অন্যান্য

১৬ বছর পর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

Link Copied!

 

মোঃরিফাত হোসেন মেশকাত
স্টাফ রিপোর্টারঃ

দীর্ঘ ১৬ বছর পলাতক থাকার পর জয়পুরহাটের সদর উপজেলা থেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাফুকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পুরানপৈল এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাফু ওরফে জাফর পশ্চিম পারুলিয়া গ্রামের মৃত মহিবর রহমানের ছেলে।

শনিবার (২৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জাফর ওরফে জাফু ওরফে ইয়ারব হোসেনকে গ্রেফতার করা হয়। ২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে একটি ডাকাত দল সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ঘরে ঢুকে। ডাকাতরা মজিবরকে ছুরিকাঘাত করে ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিবেশীরা মজিবরকে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দুদিন পর নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

র‌্যাব আরও জানায়, গত ১৯ জুন জয়পুরহাট দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আব্বাস উদ্দিন ৩ জনের প্রাণদণ্ডের রায় ঘোষণা করেন। একই সঙ্গে দোষীদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই মামলার অন্য একটি ধারায় তাদের ১০ বছর করে কারাদণ্ডের পাশাপাশি আরও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্য দুইজন আসামি আমিনুল ইসলাম রিয়াদুল ও পাঁচবিবি উপজেলার তেলীহার গ্রামের লুৎফর রহমান পলাতক রয়েছে। পরবর্তীতে গ্রেফতার আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।