স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছে সাতক্ষীরার একটি আদালত।
মঙ্গলবার তাকে জেলা জজ আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাওয়া হলে মুখ্য বিচারিক হাকিম মো. জিয়ারুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল লতিফ জানান।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী তামিম আহমেদ সোহাগ। অন্যদিকে আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী কামরুজ্জামান ভুট্টো ও এস এম আকবর আলী।
পিপি আব্দুল লতিফ বলেন, আসামি চাঁদ আগে গ্রেপ্তার থাকায় রোববার তাকে শ্যোন অ্যারেস্ট (দৃশ্যত গ্রেপ্তার) দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকোর দাবি, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ।
এ ঘটনায় ২৫ মে সাতক্ষীরায় চাঁদের বিরুদ্ধে মামলা করেন জিকো। সেই মামলায় দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
