আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধি / আহাদ তালুকদার
বরিশাল জেলার আগৈঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ঐতিহ্যবাহী চেংঙ্গুটিয়া বাজার ঈদগাহ্ প্রাঙ্গণের বেহাল অবস্থা। প্রায় দশ বছর আগে এর সর্বশেষ নির্মাণ কাজ হলেও এরপর আর কোন সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যে কারণে ঈদগাহের দক্ষিণ-পশ্চিমাংশে পুকুরের ভাঙ্গন, পশ্চিমাংশে মিম্বর তথা হুজরাখানার অংশটুকু নিচে মাটি সরে গিয়ে ডেবে গিয়েছে।
এছাড়াও বিভিন্ন জায়গাতে দেখা দিয়েছে ছোট বড় অসংখ্য ফাটল ।
দু বছর আগে চেংঙ্গুটিয়া যুব সমাজের উদ্যোগে ঈদগাহের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে পশ্চিম দিকের ময়লার ভাগাড়কে পরিষ্কার করে একটি ফুলের বাগান করা হয়, দু’বছর অতিক্রম হওয়াতে বেড়া পুরনো হয়ে ভেঙে পড়েছে।
চেংঙ্গুটিয়া গ্রামের প্রাচীন ও ঐতিহ্যবাহী ঈদগাহের এই বেহাল অবস্থা সকল ধর্মপ্রাণ মুসল্লীদের হৃদয়কে ব্যথিত করে।
অনতি বিলম্বে ঈদগাহের সংস্কার ও সৌন্দর্য বর্ধন এবং ঈদগাহের চারিদিকে বেষ্টনী নির্মাণ করে ঈদগাহ্ সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আসন্ন ঈদুল আযহার ঈদের আগে ঈদগাহকে প্রস্তুত করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন স্থানীয়রা।
