তিমির বনিক,ব্যুরো প্রধান সিলেট:
মৌলভীবাজারের কুলাউড়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় মো. রায়হান হোসেন (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে কমলগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে মুকিদ মিয়া ও আ. সত্তার নামে আরো দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। রায়হান কমলগঞ্জ উপজেলার সতীঝীরগাঁও গ্রামের মৃত ছমির আলীর ছেলে। জানা গেছে, গত ২৫ মে বিকেল ৪টার দিকে ওই স্কুলছাত্রী স্কুল শেষে তার এক বন্ধুর সাথে হিংগাজিয়া রাবার বাগানে বেড়াতে যায়। সেখানে যাওয়ার পর তাদেরকে লাঠিসোঁটা নিয়ে ঘিরে ফেলে মুকিদ, সত্তার, রায়হানসহ ৫ যুবক। পরে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে বাগানের একটি নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা। পরে বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে ২৬ মে বিকেলে ছাত্রীর বাবা বাদী হয়ে কুলাউড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন- ব্রাহ্মণবাজারের বাসুদেবপুরের মৃত মাহমুদ মিয়ার ছেলে মুকিদ মিয়া (৩৫), হিংগাজিয়া চা বাগানের জামাল মিয়ার ছেলে জসিম মিয়া (২৮), লংলা খাস নতুন বস্তির মো.শমশের মিয়ার ছেলে আ.সত্তার (১৯), হিংগাজিয়া চা বাগানের বড় লাইন এলাকার মছদ্দর আলীর ছেলে মোস্তফা (২৫) ও কমলগঞ্জ উপজেলার সতীঝীরগাঁও গ্রামের মৃত ছমির আলীর ছেলে মো. রায়হান হোসেন (২৫)। মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে কমলগঞ্জে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার অজ্ঞাত আসামি রায়হানকে গ্রেপ্তার করা হয়। এর আগে,এই মামলায় অভিযুক্ত মুকিদ ও সত্তারকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, পলাতক আরও ২ আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
