মনা,নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল বিপরীতে ভারতের পেট্রাপোল সীমান্ত থেকে আবারও উদ্ধার হয়েছে প্রায় সাত কেজি স্বর্ণের বার। আগরতলা-ঢাকা-কলকাতা মধ্যে চলাচলকারী যাত্রীবাহী রয়েল মৈত্রী বাস সার্ভিসের ইঞ্জিনের ভেতর লুকিয়ে স্বর্ণের চালান নিয়ে যাচ্ছিলেন চালক মোস্তফা ও হেলপার মতিউর রহমান আকন্দ। এ সময় সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইসিপি পেট্রাপোল ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফের সদস্যরা চালক এবং হেলপারকে আটক করে।
সোমবার (৮ মে) দুপুরে বিএসএফ সদস্যরা বাংলাদেশ-ভারত সরাসরি চলাচলকারী আন্তর্জাতিক বাস পরিষেবা রয়েল মৈত্রী বাসে তল্লাশি করেন। পরে ইঞ্জিনকভারে লুকায়িত অবস্থায় ছয় কেজি ৯৫০ ওজনের ৫১ পিস স্বর্ণবার উদ্ধার করে। যার মূল্য ভারতীয় মূল্য চার কোটি ২৩ লাখ ৬৪ হাজার ৮৮২ রুপি। এর আগে ৭ জানুয়ারি ভারতে পেট্রাপোল চেকপোস্টে বেনাপোল থেকে ছেড়ে যাওয়া কলকাতাগামী এন আর ট্রাভেলস শ্যামলী বাস থেকে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করে বিএসএফ।
বিজিবির বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার মাহবুবুর রহমান জানান, শুনেছি ভারতের ওপারে একটি বাস তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করেছে বিএসএফ। এর বেশি কিছু জানতে পারিনি তিনি।
এদিকে স্বর্ণ আটকের পর পরই বেনাপোল চেকপোস্টের রয়েল মৈত্রী পরিবহন কাউন্টারের অনেকে গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।
