রেজাউল করিম
স্টাফ রিপোর্টার
নতুন শিক্ষাবর্ষ থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় না থাকার পক্ষে মত দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাডেমিক কাউন্সিল। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় বুধবার সর্বসম্মতিক্রমে গুচ্ছে না থাকার পক্ষে মত দেওয়া হয়। পরবর্তী সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। কবে নাগাদ এই সভা অনুষ্ঠিত হবে, তা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।
একাডেমিক কাউন্সিলের ৬৮ সদস্যদের মধ্যে সভায় ৫০ জন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে গুচ্ছের বিপক্ষে ৩৫ জন, দু’জন গুচ্ছে থাকার পক্ষে মত দিয়েছেন। বাকি ১৩ জন সদস্য কোনো মতামত দেননি।
একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গুচ্ছ থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। এ বিষয়ে উপাচার্য বরাবর লিখিত দাবিও জানিয়েছিলেন তাঁরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ইমদাদুল হক বলেন, একাডেমিক কাউন্সিলের সদস্যদের বক্তব্য অনুযায়ী পরবর্তী সিন্ডিকেট সভায় আলোচনা করে গুচ্ছে থাকা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
