শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:
ছেলেকে আবদারের বাইন মাছ রান্না করে খাওয়াতে পারলো না মা। শ্বাসনালিতে মাছ আটকে মারা গেছে ১৩ বছর বয়সী বিশেষ চাহিদা সম্পন্ন (বাক প্রতিবন্ধী) গোলাম রসুল। বুধবার ( ২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় এ ঘটনা ঘটে। মৃত প্রতিবন্ধী শিশুটি উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামের ভ্যান চালক নজরুল ইসলামের ছেলে৷
জানা যায় বুধবার সকালে মা আশুরা বিবির সাথে পুটুনি গ্রামের এক বিলে মাছ ধরতে যায় গোলাম রসুল। এ সময় হাতে মাছ নিয়ে খেলতে গিয়ে গালের ভিতর বাইন মাছ ঢুকে শ্বাসনালিতে আটকে যায় শিশুটির।
শিশুটির মা আশুরা বিবি জানান, তার ছেলে ও মেয়ে দু’জনই বাক-প্রতিবন্ধী৷ সকাল থেকে ছেলেকে সাথে নিয়ে বিলে মাছ ধরছিলেন তিনি। হঠাৎ ছেলে চিৎকার করলে কাছে গিয়ে দেখেন গলার ভিতর বাইন মাছ ঢুকে গেছে। অনেক চেষ্টা করেও তা বের করা যায়নি ৷
কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান স ম গোলাম মোর্শেদ বলেন, এ ঘটনা জানার সাথে সাথে শিশুটিকে মোটরসাইকেলে করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইসিজিসহ বিভিন্ন ধরনের পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
