ঢাকাSaturday , 28 May 2022
  • অন্যান্য

সিলেটে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ২০জন আহত।

Link Copied!

তিমির বনিক,ব্যুরো চিফ সিলেট:
সিলেটের কুমারগাঁওয়ে একটি জায়গার মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। কুমারগাঁওয়ে মসজিদ কমিটি ও স্থানীয় একটি পরিবারের লোকজনের মধ্যে শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে ওই সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের মধ্যে সাতজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন কুমারগাঁও গ্রামের আবদুস সালাম (৩৩), রইছ উদ্দিন (৫০), আঙ্গুর মিয়া (৩৫), আবদুল কালাম (৩০), গিয়াস উদ্দিন (৪০), আবদুল আজিম (২৬) ও আলাউদ্দিন (৬২)। এ ছাড়া আরও ১২ থেকে ১৫ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমারগাঁও মসজিদের কাছে চার শতাংশ জমি রয়েছে। মসজিদ কমিটির লোকজনের দাবি, জমিটি মসজিদের। তবে একই গ্রামের ময়না মিয়া ও তার পরিবারের দাবি, সেটি তাদের। জায়গাটি নিয়ে শুক্রবার বেলা দুইটার দিকে মসজিদ কমিটি এবং জমির মালিক দাবিদার ময়না মিয়া ও তার লোকজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে মসজিদের মাইকে জায়গা নিয়ে সংঘর্ষ হচ্ছে জানিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এতে আশপাশের এলাকার বাসিন্দারাও এগিয়ে সংঘর্ষে যোগ দেন। আশপাশের বাসিন্দা ও ময়না মিয়ার বাড়ির লোকজনের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। ভাঙচুর করা হয় সিএনজিচালিত অটোরিকশা, দোকান ও বাড়িঘর।
খবর পেয়ে বেলা আড়াইটার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষ পুলিশের কাছে অভিযোগ করেনি।
সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মসজিদ কমিটির সহ-সভাপতি সুলতান আহমদ বলেন, জায়গার পরিমাণ প্রায় ৪ শতাংশ। সেখানে দেয়াল নির্মাণ করে জায়গাটি দখলের পাঁয়তারা করছিল ওই পরিবার। তাই মসজিদ কমিটির লোকজন তাদের বাঁধা দিয়েছে। জায়গাটির মালিকানা দাবি করা ময়না মিয়ার ভাতিজা কুতুবউদ্দিন বলেন, জায়গাটি তারা প্রায় ১০০ বছর ধরে ভোগদখল করে আসছেন। এ ছাড়া, জায়গাটি নিয়ে মামলা আছে। এসব সত্ত্বেও জায়গাটি মসজিদের দাবি করে কমিটির লোকজন আজ দখল করতে এসেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।