ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়( ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
১১ ফেব্রুয়ারি (শনিবার) সকালে প্রশাসন ভবনের সভাকক্ষে দু’দিনব্যাপি এ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম।এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং অপর বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় রির্সোস পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সিনিয়র সহকারী সচিব ও ফোকাল পয়েন্ট (এনআইএস) মোঃ মামুন, ইউজিসি’র সিনিয়র সহকারী সচিব ও ফোকাল পয়েন্ট মোঃ জহিরুল ইসলাম এবং ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক ও ফোকাল পয়েন্ট (ইনোভেশন) রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাস।
উদ্বোধনী বক্তৃতায় ভাইস চ্যান্সেলর বলেন, বাংলাদেশ শুধু ডিজিটাল বাংলাদেশ নয়, স্মার্ট বাংলাদেশে রূপ নিতে চলেছে। তাই যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। তা না হলে একদিন আমরা অর্থহীন হয়ে পরবো। তিনি বলেন, দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কর্মশালার কোন বিকল্প নেই। আসুন আমরা প্রশিক্ষণ গ্রহণ করি এবং প্রশিক্ষণের অভিজ্ঞতা জাতীয় জীবনে কাজে লাগানোর চেষ্টা করি।
উল্লেখ্য, ১১ ও ১২ ফেব্রুয়ারি এ দুই দিনব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন অফিস প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করবে বলে জানা যায়।
