ঢাকাFriday , 27 May 2022
  • অন্যান্য

বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু, দুই জন আহত।

Link Copied!

তিমির বনিক,সিলেট ব্যুর প্রধান: 

মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিয়ানীবাজারের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম অফিক আহমদ (২৫)। তিনি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউপির হিজলর টোক গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বৃহস্পতিবার (২৬ মে) দিনে বড়লেখা উপজেলার দাসের বাজারের একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন। তারা হচ্ছেন সুনাম উদ্দিন (৩৬) ও বদরুল ইসলাম (৩০)। স্থানীয় সুত্রে জানা যায়,বড়লেখা উপজেলার দাসেরবাজারে মোস্তফা উদ্দিন নামের এক ব্যক্তির পাঁচতলা ভবনের কাজ চলছিলো। এই ভবনে রাজমিস্ত্রীর কাজ করছিলেন নির্মাণ শ্রমিক অফিক, সুনাম ও বদরুল। ভবনের পাশ দিয়ে পল্লী বিদ্যুৎ এর লাইন যাওয়ার ফলে শ্রমিকদের কাজ করা ঝুকিপূর্ণ হয়ে উঠেছিলো। ফলে ঠিকাদার পল্লী বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করে কাজের সময় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রাখার অনুরোধ করেন। এরই প্রেক্ষিতে কিছুদিন কাজের সময় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ থাকতো। কিন্তু বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই লাইনে বিদ্যুৎ চালু করা হয়। এসময় ঝুকিপূর্ণ এই লাইনের পাশে কাজ করছিলেন অফিক, সুনাম ও বদরুল। বিদ্যুৎ চালু হতেই তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অফিক আহমদকে মৃত ঘোষণা করেন৷ আহত দু’জনের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তবে বিদ্যুৎ লাইন চালু এবং বন্ধ রাখার বিষয়ে বড়লেখা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপ-মহা ব্যবস্থাপক এমাজ উদ্দিন বলেন ‘কাজের সময় বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রাখার ব্যাপারে পল্লী বিদ্যুৎ অফিসে কোন আবেদন করা হয়নি। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অবগত নয় ৷ এছাড়া এই ভবন নির্মাণ কাজ শুরুর আগে পল্লী বিদ্যুৎ এর লাইনের এতো কাছে ভবন নির্মাণ না করার জন্য বলা হয়েছিলো। কিন্তু মালিক তা মানেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।