রেজাউল করিম
স্টাফ রিপোর্টার
প্রাথমিক শিক্ষক নিয়োগে পোষ্য কোটা বাতিল, শিক্ষার্থী সংখ্যা কম থাকলে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সঙ্গে একীভূতকরণ ও মিড ডে মিল চালুসহ মোট আটটি দফা সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা। ২৪ জানুয়ারি ডিসি সম্মেলনের প্রথম দিনে এসব সুপারিশ তুলে ধরা হবে বলে জানা গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এসব সুপারিশ পাঠিয়েছেন জেলা প্রশাসকেরা। জেলা প্রশাসকদের সুপারিশে দেখা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কুড়িগ্রামের জেলা প্রশাসক পোষ্য কোটা বাতিল করার সুপারিশ করেছেন। তাঁর সুপারিশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অধিক যোগ্যতা থাকার পরও পোষ্য কোটা থাকায় কোটাধারী দুর্বল প্রার্থীরা শিক্ষক পদে নিয়োগ পাচ্ছে। এতে বলা হয়েছে, একই পরিবারে চাকরিজীবীর সংখ্যা বেড়ে যাচ্ছে, দরিদ্র পরিবার বা মেধাবী প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। তাই পোষ্য কোটা বাতিল করা হলে মেধারভিত্তিতে মানসম্মত শিক্ষক নিয়োগ করা সম্ভব হবে।
স্বল্প শিক্ষার্থী বিশিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সঙ্গে একীভূতকরণ করতে সুপারিশ করেছেন নওগাঁর জেলা প্রশাসক।
জানা গেছে, তিন দিনব্যাপী চলতি বছরের ডিসি সম্মেলন শুরু হবে আগামী ২৪ জানুয়ারি এবং সম্মেলন শেষ হবে ২৬ জানুয়ারি।
