এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার(৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গোপালপুর পিকনিক কর্নার সংলগ্ন একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। তাঁর সাথে গলায় ওড়না পেঁচানো ছিল। তিনি উপজেলার কৈখালী গ্রামের মৃত ইনতাজ মাস্টারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জিএম রেজাউল করিম জানান, সম্প্রতি নারী ঘটিত একটি মামলায় স্কুল পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাকে সাময়িক বরখাস্তের নোটিশ প্রদান করা হয়। এ ঘটনায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন।
শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।
