বিপ্লব হোসেন (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি:
কাঠ পোড়ানো ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ঘাটাইলে ছয়টি অবৈধ ইটের ভাটায় অভিযান চালিয়ে একটি ভাটা গুঁড়িয়ে দেওয়াসহ ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমীর উদ্দিন বলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা এর নেতৃত্বে উপজেলার মোট ছয়টি ইটের ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলার চানতারা এলাকার লিটন ব্রিকস ও মদিনা ব্রিকসকে পাঁচ লাখ করে দশ লাখ টাকা, ধোপাজানি এলাকার স্বদেশ ব্রিকস, কালিয়াগ্রাম এলাকার সততা ব্রিকস ও হরিপুর এলাকার মডার্ণ ব্রিকসকে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ এবং আন্দিপুর এলাকার কে.আর ব্রিকস গুঁড়িয়ে দেওয়াসহ তিন লাখ টাকা সহ মোট ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। জমীর উদ্দিন আরও বলেন, ইট প্রস্তুত ও ইট ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৯ মেনে ভাটা পরিচালনার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
