মনা, নিজস্ব প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। তল্লাশী চলাকালীন সময়ে আরো এক মাদক কারবারি ৩১ বোতল ফেনসিডিল বোহনকারী ব্যাগ রেখে পালিয়ে যায়।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটককৃত ফেনসিডিল পাচারকারী আসামী ঢাকা জেলার কেরানিগঞ্জ থানার জোড়াব্রীজ এলাকার মৃত মতি হাওলাদারের ছেলে মোঃ ইউসুফ এবং পলাতক আসামি একই এলাকার মঞ্জু হাওলাদারের ছেলে হৃদয়।
এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম জানান, মাগুরা জেলা পুলিশ সুপার মশিউদৌলা রেজার নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(১৩ ডিসেম্বর) দিবাগত রাতে শ্রীপুর থানার ওয়াপদা বাজারের পূর্ব দিকে ঢাকা-মাগুরা মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে “রয়েল এক্সপ্রেস” নামের যাত্রীবাহী বাসে এস.আই আল আমিন ও এ.এস.আই মোঃ আব্দুল কাদের এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আব্দুস সোবহান তল্লাশি চালায়। এ সময় বাসটিতে থাকা আসামীদের তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়। তল্লাশি চলাকালে হৃদয় নামের আরেক মাদককারবারি ৩১ বোতল ফেনসিডিল বহনকারী ব্যাগ ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় মাদক বিরোধী আইনে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও পাচারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান জোরদার থেকে আরো জোরদার করা হয়েছে ৷
