মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শীর্ষ দুটি পদে বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম প্যানেলের প্রার্থী ও তাদেরই বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। গতকাল শনিবার ভোট গ্রহণ শেষে রাতে এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ইসমত হাসার।
নির্বাচনে সহসভাপতি পদ, পাঁচটি সদস্যপদসহ মোট ছয়টিতে জয় পেয়েছে আওয়ামী আইনজীবী পরিষদ। সভাপতি, সহসভাপতিসহ ছয়টি পদে জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম। আর সাধারণ সম্পাদক হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম প্যানেলের প্রার্থী মো. ইসহক এবং সাধারণ সম্পাদক হয়েছেন এই প্যানেলের বিদ্রোহী প্রার্থী আবু মোর্তজা। এ ছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের গাজী মাহফুজুর রহমান এবং আওয়ামী আইনজীবী পরিষদের খোন্দকার মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ঐক্য ফোরামের জুলফিকার আলী, সহকারী সম্পাদক তাহমিদ আকাশ ও আবদুল করিম মণ্ডল, গ্রন্থাগার সম্পাদক মোস্তাকিম মোস্তফা খান এবং সদস্য পদে আওয়ামী লীগ–সমর্থিত পাঁচ প্রার্থী বুলবুল হোসেন, নুর ইসলাম, আফরোজা সুলতানা, যুথিকা ঘোষ ও নাসিমা আক্তার নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন কমিশনার ইসমত হাসার, সদস্য এম সামছুর রহমান, শহিদুর রহমান, আজিজুল ইসলাম ও শাহারিয়ার আলম। এই নির্বাচনে মোট ৫০৬ জনের মধ্যে ৪৯৭ জন ভোট দেন।
